১.
স্বাধীনতা বলো কী দেবো তোমার নাম
সুনীল আকাশ, শুভ্র কপোত
নাকি যুদ্ধ পাগল যুবকের পকেটে প্রেয়সীর নীল খাম।।
তুমি মায়ের চোখের অশ্রু নাকি বোনের শাড়ির আঁচল
স্বামীহারা শত বিধবার চোখে মুছে যাওয়া কালো কাজল
পিতার উদার বুকটি জুড়ে না হয় ঠিকানা দিলাম।।
তুমি ভাইয়ের বুকের রক্ত নাকি বন্ধুর হাতের মশাল
স্বাধীন স্বদেশ মুক্ত মাটিতে স্মৃতির মিনার সুবিশাল
তোমার অমর নামটি নিয়ে দীপ্ত শপথ নিলাম।।
২.
কেউ যদি বলে পেয়েছো কি তুমি আত্মত্যাগের দান
বলবো আমি ঘরে ঘরে শোনো স্বাধীনতার গান
শোনো আমার মায়ের গান।।
যদি বলে কেউ দেখেছো কি তুমি মুক্ত দেশের মুখ
দেখাবো মাগো তোমার কোমল পরম স্নেহের বুক
আজো তোমার শ্যামলে তোমার কোমলে
জেগে ওঠে কতো প্রাণ।।
যদি বলে কেউ দিয়েছো কি তুমি জন্মভূমির তরে
দেখাবো মাগো রক্তেরই দাগ বুকের সীমানা জুড়ে
আজো তোমার মায়াতে তোমার ছায়াতে
শুয়ে আছি নিষ্প্রাণ।।