এখনো অনেক রাত,
এখনো দেয়ালে কান পাতলেই শুনি হায়েনার পৈশাচিক উল্লাস,
এখনো স্বপ্নের বাগান ভরতি গলিত লাশের স্তুপ,
এখনো বুকের ভেতর পুষে রেখেছি সহস্র গোলা-বারুদ।
এখনো শকুনেরা তৎপর,
এখনো নিষ্পাপ রক্তে ভেজে এই সবুজ প্রান্তর,
এখনো বাতাসে ভাসে অসহায় মায়ের করুণ আহাজারি,
এখনো বুকের ভেতর ঘুমিয়ে রেখেছি সহস্র অগ্নিগিরি।
এখনো শ্বাপদের উদ্ধত চলাচল,
এখনো মাটিতে লুটায় ধর্ষিতা বোনের শাড়ির আঁচল,
এখনো ফুল্লরার চিৎকারে জেগে ওঠে আগামেনন,
এখনো বুকের ভেতর পুষে রেখেছি তীব্র ঘৃণার দহন।
এখনো প্রতিশোধ স্পৃহা দুর্বার,
এখনো স্টেনগান হাতে তুলে নিলে অব্যর্থ ট্রিগার,
এখনো ফিরিয়ে আনতে পারি সেই আগুনঝরা একাত্তর,
এখনো বিশুদ্ধ রক্ত টগবগ করে বুকের ভেতর।